এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম নয় : নেইমার

আপডেট : ১৭ মে ২০১৬, ১১:০৮
 
লিগে ২৪ গোল করা, সতীর্থদের দিয়ে ১২টি গোল করানো; পরিসংখ্যানের আলোয় অনেক ফুটবলারের জন্যই এটা দারুণ একটা মৌসুম। কিন্তু নেইমারের জন্য নয়। তিনি বলেন, 'এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম নয়।' বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখা নেইমারের বিশ্বাস, উন্নতির আরও অনেক জায়গা আছে তার।
 
এ মৌসুমের শুরুতে দুর্দান্ত খেলেছেন নেইমার। চোট পেয়ে প্রায় দুই মাসের জন্য ছিটকে পড়া লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের হালও ধরেছিলেন। মৌসুমের দ্বিতীয়ভাগে কিছুটা ছন্দ হারালেও সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৩০ গোল করেন তিনি।
 
গ্লোবো এস্পোর্তোকে নেইমার বলেন, 'এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম নয়। সবসময় আমি আমার আগের পরিসংখ্যান ছাড়িয়ে যেতে এবং আমার রেকর্ডের উন্নতি করতে চাই। দিনের পর দিন আমি ভালো করে যেতে চাই।'
 
নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট না হলেও দলের শিরোপা জয়ে দারুণ উচ্ছাসিক এই ব্রাজিলিয়ান। তিনি বলেন, 'লা লিগায় আমরা যা জিতেছি তাতে আমি গর্বিত, শুধু নিজের পারফরম্যান্সে নয় বরং পুরো দলের সাফল্যের জন্য। শিরোপার জন্য আমাদের কঠিন পরিশ্রম করতে হয়েছে, সবশেষে এর পুরস্কার পেয়েছি আমরা।'