রাজধানীর নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওবায়দুল্লাহ (২০) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার দুপুরে নাখালপাড়া লেবেল ক্রসিংয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওবায়দুল্লাহ যশোরের শার্শা উপজেলার বাসিন্দা। তার বাবা রফিকুল ইসলাম একজন ভ্যান চালক।
দুপুর একটায় ওবায়দুল্লাহ মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে জয়দেবপুরগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আবদুল মজিদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
