নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে চায় পাকিস্তান

আপডেট : ১৭ মে ২০১৬, ১৪:০৮
 
চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকেত বেছে নিতে চায় পাকিস্তান। আর এজন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনও জানিয়েছে পিসিবি। বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
 
সূত্র মতে, বিষয়টির জন্য শ্রীলংকা ক্রিকেটের থেকে আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে পিসিবি। এখানে শুধুমাত্র একটি বিষয় নিয়ে সংশয় রয়েছে, সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলংকান আবহাওয়া সিরিজ আয়োজনের অনুকূলে থাকবে কিনা। ইতোমধ্যেই এসএলসি সূত্র মৌখিকভাবে তাদের সম্মতির কথা জানিয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে।
 
এর আগে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হোম টেস্ট সিরিজ কলম্বোতে আয়োজন করেছিল শ্রীলংকা। কিন্তু বৃষ্টির সম্ভাবনার বিষয়টি চিন্তা করে পিসিবি এসএলসিকে অনুরোধ জানিয়েছে সেপ্টেম্বর-অক্টোবরে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাত হয় এমন স্থানে যেন ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটি আয়োজন করা হয়।
 
২০০৯ সালের পর থেকে পাকিস্তানের হোম ভেন্যু হিসেবে মূলত দুবাই, আবুধাবী ও শারজাহকে বেছে নেয়া হয়েছিল। কিন্তু আরব দেশগুলোতে অত্যধিক খরচের কথা বিবেচনা করে পিসিবি বিকল্প হোম ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিতে চাইছে। গত ফেব্রুয়ারিতে দুবাই ও শারজাহতে প্রথমবারের মত পাকিস্তান সুপার লীগ আয়োজন করতে গিয়ে পিসিবিকে এমিরেটস ক্রিকেট বোর্ডকে মাঠ ভাড়া ও অন্যান্য ব্যয় বাবদ প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করতে হয়েছিল।
 
২০০৯ সালের পরে পাকিস্তান নিজেদের দেশে শুধুমাত্র র্যাঙ্কিংয়ের নিচের দিকে থাকা জিম্বাবুয়ে, কেনিয়া ও আফগানিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ আয়োজনের অনুমতি পেয়েছে।-বাসস।