ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছান এই ডাচ কোচ।আর বুধবার ঢাকা আসছেন বাংলাদেশের আরেক সাবেক কোচ জর্জ কোটান। আবার ঢাকা আবাহনীর দায়িত্ব নিতে ফিরছেন এই অস্ট্রিয়ান কোচ।
এর আগে লোডভিক ডি ক্রুইফ ২০১৩ সালের জুনে বাংলাদেশের হেড কোচ হিসেবে তার দায়িত্ব শুরু করেন। ১৬ মাস পর তাকে বরখাস্ত করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরপর ২০১৫ সালে বঙ্গবন্ধু গোল্ড কাপে এক মাসের জন্য আবার তাকে ফিরিয়ে আনে বাফুফে।
মাঝে দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান কোচ ফাবিও লোপেজ ও বাংলাদেশি কোচ মারুফুল হক। কিন্তু তাদের দিয়ে প্রত্যাশিত সাফল্য না পাওয়াতে আবার ডি ক্রুইফের দ্বারস্থ হয়েছে বাফুফে।
ঢাকায় পা রেখে ক্রুইফ বলেন, ‘বাংলাদেশে আমার অভিজ্ঞতা বেশ ভালোই ছিল। আর তাই বাফুফে প্রস্তাবে রাজি হয়েছি। সভাপতির সঙ্গে আমার চমৎকার সম্পর্ক। এছাড়াও সহ-সভাপতিরা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন।
তাজিকিস্তানকে নিয়ে তিনি বলেন, ‘যতদূর জানি দলটা ভালো অবস্থানে আছে। তবে আমি না দেখে কোন মন্তব্য করতে চাই না। অনেক ফুটবলাররা বহিষকৃত ছিলেন তাদের অবস্থাটাও জানা প্রয়োজন আমার। তাই এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না।’
তাজিকিস্তানের বিপক্ষে আগামী ২ ও ৭ জুন দুশানবে ও ঢাকায় এশিয়ান কাপের বাছাই পর্বের দুটি প্লে-অফ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই চ্যালেঞ্জে জয়ী হলে আবার ডি ক্রুইফকে জাতীয় দলের স্থায়ী কোচ হিসেবে দেখা যেতে পারে।
এদিকে গতবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবাহনীর দায়িত্ব নেওয়া জর্জ কোটান স্থলাভিষিক্ত হচ্ছেন ড্রাগো মামিচের। সার্বিয়ান মামিচ এক মাসেরও কম সময়ের জন্য এসেছিলেন আবাহনীতে। পরে তিনি স্বেচ্ছায় দেশে ফিরে যান।
