ইব্রাহিমোভিচকে প্রস্তাব দেয়নি ম্যানইউ

আপডেট : ১৭ মে ২০১৬, ১৬:৪১
বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিলো ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারেন জ্লাতান ইব্রাহিমোভিচ।  তবে এবার সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন খোদ ইব্রার এজেন্ট।  তার দাবি, ম্যান ইউ থেকে কোনো প্রস্তাবই দেয়া হয়নি তাকে।
 
ইব্রার এজেন্ট মিনো রাইওলা বলেন, ‘এই বিশ্বে আমাদের এটি মেনে নিতেই হবে যে, কিছু সাংবাদিক তাদের মনগড়া কল্পনা দিয়ে একটা জিনিস দাঁড় করায়। ইব্রাহিমোভিচকে দলে ভেড়াতে ম্যানইউর পক্ষ থেকে আর্থিক প্রস্তাব দেওয়ার বিষয়টি সত্য নয়। এ ধরনের বেশিরভাগ খবরেরই উৎপত্তি ফ্রান্স থেকে।’
 
চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে ইব্রাহিমোভিচের চার বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। আগামী মৌসুমে তার ম্যানইউ, মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব এলএ গ্যালাক্সিতে পাড়ি জমানোর গুঞ্জন উঠেছিল। এসি মিলানে ফিরে যাওয়ার গুজবও রটে।
 
তবে সব ছাপিয়ে ইব্রাহিমোভিচের ইংলিশ লিগে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনার কথাই বিভিন্ন সময়ে আলোচিত হয়। মৌসুম শেষে হোসে মরিনহোর ম্যানইউর কোচ হওয়ার গুঞ্জন অনেকদিন ধরেই চলে আসছে।