চীনের ব্যাংক আইসিবিসি লন্ডনে একটি বিশাল ভল্ট কিনতে সম্মত হয়েছে। অজ্ঞাত স্থানে থাকা বার্কলেস ব্যাংকের এই ভল্টে দুই হাজার মেট্রিক টন সোনা, রূপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম রাখার ব্যবস্থা আছে। খবর-বিবিসির।
আইসিবিসি চীনের প্রথম ব্যাংক যে কিনা লন্ডনে ভল্ট কিনলো। সম্পদ বিবেচনায় বিশ্বের সর্ববৃহৎ ব্যাংক এটি। মূল্যবান ধাতু ব্যবসা বাড়ানোর উদ্দেশ্যে লন্ডনে ভল্ট কিনছে তারা।
কবে নাগাদ ভল্ট হস্তান্তর সম্পন্ন হবে তা নির্দিষ্ট করে জানা না গেলেও আশা করা হচ্ছে আগামী জুলাই নাগাদ চুক্তি সম্পন্ন হতে পারে।
বিশ্বের সোনার বাজারের এক চতুর্থাংশই চীনের হলেও এর কেনাবেচা হয় মূলত লন্ডন ও নিউইয়র্ক থেকে। গত বছর লন্ডনের বুলিয়ন মার্কেটে প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলারের সোনা কেনা বেচা হয়েছে।
