ইরাকে অর্ধেক এলাকার দখল হারিয়েছে আইএস: পেন্টাগন

আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:৩০
ইরাক ও সিরিয়ায় অব্যাহতভাবে পিছু হটতে বাধ্য হচ্ছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ইরাকে দখল করা প্রায় অর্ধেক ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়েছে সংগঠনটি। সোমবার পেন্টাগন থেকে একথা জানানো হয়েছে।
 
এর আগে পেন্টাগন বলেছিল, ইরাকে দখলে থাকা ৪০ শতাংশ ও সিরিয়ায় দখলে থাকা ১০ শতাংশ অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে আইএস যোদ্ধারা।
 
পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ইরাকে বর্তমানে প্রায় অর্ধেক অঞ্চলের দখল হারিয়েছে আইএস। আর সিরিয়ায় জঙ্গিদের দখলে থাকা ১৬ থেকে ২০ শতাংশ এলাকা থেকে তাদের বিতাড়িত করা গেছে।
 
২০১৪ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট আইএসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ইরাকের রামাদি ও হিতের নিয়ন্ত্রণ হারালেও এখনও মসুল ও ফালুজাহসহ গুরুত্বপূর্ণ অন্যান্য নগরী নিয়ন্ত্রণ করছে আইএস।