অলিম্পিকে খেলার আশা টিকে আছে সিদ্দিকুরের

আপডেট : ১৭ মে ২০১৬, ১৭:৫৪
একটুর জন্য জিততে পারেননি নিজের প্রথম ইউরোপিয়ান ট্যুর শিরোপা।  তবে মরিশাস ওপেনে েরানার্স আপ হয়েও অলিম্পিকে খেলার স্বপ্ন জিইয়ে রেখেছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। 
র‌্যাংকিংয়ে বিশাল ঝাঁপ দিয়ে এখন অলিম্পিকে খেলার সম্ভাবনা খুবই উজ্জ্বল। গত ৮ মের বিশ্ব র্যাংকিংয়ে সিদ্দিকুরের অবস্থান ছিল ৪০৬ নম্বরে। সম্প্রতি প্রকাশিত র‌্যাংকিংয়ে মরিশাস ওপেনে দ্বিতীয় হওয়ায় এক লাফে ২৭৪তম স্থানে উঠে এসেছেন ৩১ বছর বয়সী এই গলফার।
 
এছাড়া অলিম্পিকে খেলার র্যাংকিংয়েও ৬০ জনের মাঝে জায়গা করে নিয়েছেন সিদ্দিকুর। নিয়ম অনুযায়ী এখান থেকে আগামী ১১ জুলাইয়ের সর্বশেষ র্যাংকিং থেকে ৬০ জন গলফার অলিম্পিকে খেলার সুযোগ পাবেন। বর্তমানে এই র্যাংকিংয়ে ৫৪তম স্থানে রয়েছেন সিদ্দিকুর রহমান। কিন্তু গত তিন সপ্তাহ ধরে এই তালিকার বাইরেই ছিলেন তিনি।
 
১১ জুলাইয়ের আগে আর মাত্র একটি এশিয়ান ট্যুরের ইভেন্টে খেলবেন সিদ্দিকুর রহমান। সেখানে বিশাল কোনও বিপর্যয় না হলে সেরা ৬০-এর তালিকাতেই থাকবেন তিনি।