লিওনেল মেসি ‘ফিট’ থাকলে আর্জেন্টিনা কোপা আমেরিকার শতবর্ষী আসরের শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন দেশটির সাবেক প্লেমেকার হুয়ান রোমান রিকুয়েলমে।
চলতি মৌসুমের গোড়ার দিকে হাঁটুর চোটে পড়ে প্রায় দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে। তবে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার মাঠে ফিরে দারুণ পারফরম্যান্স করে বার্সেলোনাকে ৮ বছরের মধ্যে লা লিগার ষষ্ঠ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন। আর্জেন্টিনা তাদের অধিনায়কের অনুপস্থিতিতে বিশ্বকাপ বাছাইপর্বে চারটি ম্যাচ খেলে কেবল একটিতে জেতে।
তবে মেসি মাঠে ফেরার পর ২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে খেলা দুটি ম্যাচে চিলি ও বলিভিয়াকে হারায় তারা। রিকুয়েলমে স্পেনের ক্রীড়া দৈনিক এএসকে বলেন, এই কোপা আমেরিকা নিয়ে আমার অনেক আশা আছে। আর্জেন্টিনার ভালো খেলোয়াড় আছে এবং মেসি ফর্মে আছে। আমি মনে করি, মেসি চোটে না পড়লে আমরা এটা জিতব।
গত দুই বছরে দুটি ফাইনাল খেললেও খালি হাতেই ফিরতে হয় আর্জেন্টিনাকে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হারে তারা। আর গত বছর কোপা আমেরিকার ফাইনালে স্বাগতিক চিলির কাছে টাইব্রেকারে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে মেসিদের।
রিকুয়েলমে মনে করেন, আর্জেন্টিনা দলটির ভার মেসি একাই বয়ে বেড়াচ্ছেন। আমরা কিছু জিতিনি কেন? কারণ, মেসিকে একাই খেলতে হচ্ছে। মেসির যত্ন নিতে হবে আমাদের। মেসির মতো আর কেউ নেই। যুক্তরাষ্ট্রে আগামী ৩ জুন থেকে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার শতবর্ষী আসরে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ৬ জুন। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া। এএস স্পোর্টস।।
