বোলিংয়ে অনেক রেকর্ডই আছে মাশরাফির। কিন্তু গত শনিবার ফতুল্লায় মাশরাফির ব্যাটিং ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে শেখ জামালের বোলিং লাইনআপ। মাত্র ৫১ বলে ১০৪ রানের ঝড়ো ইনিংস খেলেন নড়াইল এক্সপ্রেস।
ঝড়ো এই ইনিংসের জন্য মাশরাফিকে ২৫ হাজার টাকা বোনাস হিসেবে দিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র ক্লাব। মঙ্গলবার অনুশীলন শেষে কলাবাগান ক্রীড়া চক্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাশরাফির হাতে বোনাস ২৫ হাজার টাকা তুলে দেন।
সেদিন এক সেঞ্চুরি দিয়ে ঘরোয়া ক্রিকেটে অনেক রেকর্ডই গড়েছিলেন মাশরাফি। মাশরাফির ৫০ বলে করা সেঞ্চুরিটি বাংলাদেশের লিস্ট ‘এ ক্রিকেটে দ্রুততম। ঝড় বইয়ে দেওয়া ইনিংসটিতে ১১টি ছয় হাঁকান মাশরাফি। লিস্ট ‘এ ক্রিকেটে এটিও বাংলাদেশের রেকর্ড। গত বছর প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১৫০ রানের ইনিংস খেলার পথে কলাবাগান ক্রিকেট একাডেমির এনামুল হক মেরেছিলেন ১০টি ছয়। আগের বছর ১০টি ছয় মারার রেকর্ড গড়েছিলেন মোহামেডানের এজাজ আহমেদ।
