পুলিশ থেকে পালিয়ে কুমিরের খপ্পরে!

আপডেট : ১৭ মে ২০১৬, ১৯:২১
ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত আগুনে লাফ দেয়ার প্রবাদটার মর্ম  হাড়ে হাড়ে টের পেয়েছেন ফ্লোরিডার তরুণ জেসি কিংসিংগার। পুলিশের হাত থেকে বাঁচতে একটি হ্রদে লাফ দিয়ে সেখানে নিজের বাঁ হাতটি কুমিরের পেটে বিসর্জন দিয়ে এসেছেন।
 
জানা গেছে, ২১ বছর বয়সী এই তরুণের মানসিক স্বাস্থ্য পর্যালোচনার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যেতে পুলিশের সহায়তা চেয়েছিলেন তার মা। পুলিশ তাকে খুঁজতে গেলে সে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের পেছনের হ্রদে ঝাঁপ দিয়ে পড়েন। পরে যখন উঠে আসে তখন তার হাতের দুই তৃতীয়াংশই নেই!
 
লিকল্যান্ড পুলিশের মুখপাত্র গ্যারি গ্রস বলেন, আমরা মনে করছি সে উঠে আসার আগেই কুমির তার হাতটি টেনে নিয়ে গেছে। কিংসিংগারকে আহতাবস্থায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফ্লোরিডা ওয়াইল্ড লাইফ কর্মকর্তারা কুমিরটির খোঁজে হ্রদটিতে তল্লাশি চালাচ্ছে। রয়টার্স।