জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সরকার: নাসিম

আপডেট : ১৭ মে ২০১৬, ২০:৩৯
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ স্বাস্থ্যখাতে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার সাফল্যের কারণে দেশে মা ও শিশু মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমেছে। এই অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘ থেকে দুইবার পুরস্কৃত করা হয়েছে। দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমে গতিশীলতা আসলেও দুই তিনটি অঞ্চলের পিছিয়ে পড়াকে ভবিষ্যতে বিশেষভাবে মূল্যায়ন করা হবে বলে তিনি জানান।
 
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সফররত মালি ও নাইজার-এর মন্ত্রীসহ আফ্রিকা মহাদেশের সাহেল দেশসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে বৈঠককালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতের অর্জনকে বিশ্বের অনেক দেশের জন্য শিক্ষণীয় বলে মন্তব্য করেন মালি ও নাইজার-এর মন্ত্রীসহ আফ্রিকা মহাদেশের সাহেল দেশসমূহের প্রতিনিধিবৃন্দ।
 

আফ্রিকার দেশ সমূহের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক বলে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের শান্তিরক্ষা কার্যকমের সদস্যবৃন্দ আফ্রিকার অনেক দেশে শান্তি রক্ষা ছাড়াও দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বাংলাদেশকে সেই সব দেশে যথেষ্ট মর্যাদাবান রাষ্ট্র হিসাবে সম্মানিত করা হয়। সম্প্রতি ইবোলা আক্রান্ত দেশগুলোতে বাংলাদেশ থেকে ওষুধ প্রেরণ করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আফ্রিকার দেশগুলোতে কোনো রোগের প্রাদুর্ভাব ঘটলে বাংলাদেশ সব সময় চিকিত্সক ও নার্সদের পাঠায় বিশেষ সেবা প্রদানের জন্য। বাংলাদেশ ও সাহেল দেশ সমূহের স্বাস্থ্যখাতের উন্নয়নে দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়ানোর উপর তিনি এসময় গুরুত্বারোপ করেন।