'থ্রি ইডিয়টস'র সিক্যুয়েলের অপেক্ষায় শারমান জোশি

আপডেট : ১৮ মে ২০১৬, ১৩:৫৯
‘থ্রি ইডিয়টস’কে রাজ কুমার হিরানির 'মাস্টারপিস' বলা হয়। এই ছবি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি সব মহলের প্রশংসাও কুড়িয়েছিল। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ৩০০ কোটি রুপি আয় করা এই ছবি'র সিক্যুয়াল তৈরি হবে। এই খবর এ বছরের জানুয়ারি মাসের শেষ দিকে দিয়েছিলেন আমির খান। এবার একই খবর দিলেন শারমান জোশি।
 
জানালেন, আবারও রাজু রস্তোগি হতে রাজি তিনি। ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে কাজ করার জন্য মুখিয়ে আছেন এই অভিনেতা।
 
রাজকুমার হিরানি সিক্যুয়েলের স্ক্রিপ্ট নিয়ে কাজ করছেন। এ ব্যাপারে শারমান জোশি বলছেন, 'রাজু (হিরানি) আমাকে ইতোমধ্যেই বলেছেন সিক্যুয়েলের ব্যাপারে। কবে তার চিত্রনাট্য লেখা শেষ হবে, তার জন্য অপেক্ষা করে আছি। পাশাপাশি থিয়েটারের কাজও চালিয়ে যেতে চাই।'
 
‘থ্রি ইডিয়টস’ –এ আমির-শারমান ছাড়াও ছিলেন কারিনা কাপুর খান, আর. মাধবন, বোমান ইরানিসহ অনেকে। ছবিটির নতুন পর্বে এদেরকেই আবারও দেখা যাবে। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।