আড়াইহাজারে দুই চেয়ারম্যান প্রার্থীসহ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা

আপডেট : ১৮ মে ২০১৬, ১৪:২০

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তিকে আসামি করে পাল্টা-পাল্টি মামলা দায়ের করা হয়েছে।

 

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের আওয়ামী লীগের  চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম নুরু ও তার প্রতিপক্ষ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. সিরাজুল ইসলাম মোল্লার সমর্থকদের মধ্যে দুই দফায় সংঘর্ষ বাধে।  এতে উভয় পক্ষের প্রায় পাঁচজন আহত হন। আহতদের মধ্যে নুরু পক্ষের সোহাগ (৩২) ও সিরাজ পক্ষের হাবিবুর রহমান মোল্লা (৪৫) ও ইলিয়াছসহ (৪৫) পাঁচজন আহত হন।  এদের মধ্যে সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।  হাবিবুর রহমান মোল্লা ও ইলিয়াছকে ঢাকায় পাঠানো হয়।  

 

এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী শহিদুল ইসলাম বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লাসহ ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন।

 

অন্যদিকে বিদ্রোহী প্রার্থীর ভাই হাবিবুর রহমান মোল্লা আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীসহ আটজনের নাম উল্লেখ অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করে পাল্টা-পাল্টি মামলা করেন।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  পরিস্থিতি শান্ত রয়েছে। ’