নারায়ণগঞ্জের স্কুলশিক্ষককে কান ধরে উঠ-বস করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা গ্রহণ না করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার দুপুরে আইনজীবী সমিতির ভবন প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্য সেলিম ওসমানের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষককে অপদস্ত করা হয়েছে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। উল্টো শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত। এটি খুবই নিন্দনীয় কাজ। তাই আমরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
ফোরামের নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার এম মাহবুদ্দিন খোকন, অ্যাডভোকেট আবেদ রেজা, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ হতে আগামী ২৪ মে দেশের সকল জেলা বারে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন পালনের ঘোষণা দেয়া হয়েছে।
