প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেছেন। বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’-এ অংশ গ্রহণের জন্য তিন দিনের সফরে বুধবার সকালে লন্ডন ছাড়েন প্রধানমন্ত্রী।
ফোরামে অংশ গ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন।
ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটযোগে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮টা ৪০ মিনিটে (লন্ডন সময়) প্রধানমন্ত্রী বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) সোফিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটির অবতরণের কথা।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আব্দুল হান্নান এবং স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী এদিন বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ওমেন লিডারস ফোরাম’র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। একইদিনে প্রধানমন্ত্রী ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধও উপস্থাপন করবেন।
আগামী ২০ মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে ঢাকা ও সোফিয়ার মধ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হবে এবং তারা যৌথ বিবৃতি প্রদান করবেন। ২১ মে সকাল সাড়ে ৬ টায় (স্থানীয় সময়) দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। -বাসস
