দর্শন ও সমাজবিজ্ঞানে মার্কসবাদের মূলনীতি ‘দ্ব্যর্থহীনভাবে সমুন্নত’ রাখতে দেশের কমিউনিস্ট পার্টিকে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
শিক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের এক সেমিনারে তিনি এ কথা বলেন। সেমিনারে বিভিন্ন বিষয়ের দেড়শ জন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং সাংস্কৃতিক বিপ্লব ঘোষণার ৫০তম বার্ষিকীর পরদিন মঙ্গলবার সেমিনারটির আয়োজন করা হয়।
সেমিনারে দেড় ঘণ্টা বক্তৃতাকালে শি জিনপিং বলেন, ‘মার্কসবাদ কখনোই সত্যের অবসান ঘটায় না। এটা সত্যের দ্বার উন্মোচন করে।’
পার্টির মুখপত্র পিপলস ডেইলি জানায়, চীনাদের আচার-আচরণে সমাজবাদী তত্ত্বকে কাজে লাগানোর আহবান জানিয়েছেন শি। জার্মান দার্শনিক কার্ল মার্ক্সের তত্ত্বের মাধ্যমে দর্শন ও সামাজিক বিজ্ঞানের উন্নয়নে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। সূত্র: এএফপি
