ডিসি কমিকসের ভিলেনদের নিয়ে তৈরি ‘সুইসাইড স্কোয়াড’ সিনেমায় প্রথমবারের মতো দেখা যাবে ব্যাটম্যানের অন্যতম শত্রু হারলি কুইনকে। জানা গেছে ‘সুইসাইড স্কোয়াড’-এর পর নির্মিত হতে যাচ্ছে হারলি কুইনকে কেন্দ্র করেই আলাদা একটি সিনেমা।
সে সিনেমায় হারলির চরিত্রে থাকছেন অভিনেত্রী মারগট রবি, প্রযোজনার কাজটিও করবেন তিনি।
অসংখ্য কমিক ইস্যু, অ্যানিমেশন আর গেইমের দুনিয়ায় জোকারের পাশাপাশি গোথাম শহরের ত্রাস সৃষ্টি করে গেছে হারলিকে। তবে সিনেমা পর্দায় এবারই প্রথম হাজির হতে যাচ্ছে ডিসির এই সুপারভিলেন। আর সেই ধারাবাহিকতায় এই চরিত্রটিকে দর্শকের কাছে আরও ভালোভাবে তুলে ধরার জন্য মারগট রবি নিয়ে আসছেন একক সিনেমাটি।
শুধু হারলিই নয়, নারীকেন্দ্রিক এই সিনেমায় আরও থাকবে ব্যাটগার্ল এবং ‘বার্ডস অফ প্রে’ খ্যাত ব্ল্যাক ক্যানারি, ক্যাটওম্যান এবং বারবারা গর্ডন।
হারলি কুইনের ওপর আলাদা করে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনায় মারগটই ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ। ‘সুইসাইড স্কোয়াড’-এ হারলির চরিত্রে অভিনয়ের সুবাদে একের পর এক কমিক স্ট্রিপ পড়ে হারলির চরিত্রটি সম্পর্কে খুঁটিনাটি সব জেনেছেন ২৬ বছর বয়সী মারগট।
পত্রিকাটি আরও বলছে, হারলি কুইন চরিত্রটির উপর রীতিমতো দুর্বলতা জন্মেছে ‘দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট’ খ্যাত এই তারকার। হারলি কুইনের একক সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে এই মুহুর্তে। তাই এখনও জানা যায়নি কবে নাগাদ শুরু হবে সিনেমার শুটিং, কিংবা মুক্তির তারিখ। হলিউড রিপোর্টার।
