যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি হলো জঙ্গিবাদ এবং ইহুদিবাদের এক বিষাক্ত মিশ্রণ, যা সভ্যতা, অগ্রগতি ও প্রগতির ঘাতক। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন বিবৃতি পার্টিতে পরিণত হয়েছে। সরকারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করছে।
বুধবার রাজধানীর গুলশানে যুবলীগের ঢাকা মহারনগর উত্তরের ১৯ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি তিনি এ কথা বলেন।
যুবলীগ চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলো- রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। ১৯৮১ সাল থেকে এখন পর্যন্ত তিনি আওয়ামী লীগের সভানেত্রী। দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।
এমপি-মন্ত্রীদের সমালোচনা করে যুবলীগ চেয়ারম্যান বলেন, ছাত্রলীগ-যুবলীগকে উপদেশ দেবেন না। আগে নিজেরা বদলান। দুর্নীতি দমন কমিশন-দুদক ছাত্রলীগ-যুবলীগকে ডাকে না। এমপি-মন্ত্রীদেরই ডাকে। উপদেশ দেয়া সহজ। কিন্তু উপায় বের করা কঠিন কাজ।
যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ বলেন, রাজনীতি অর্থ উপার্জনের হাতিয়ার নয়। রাজনীতি হচ্ছে কর্তব্য ও দায়িত্ববোধ এবং নৈতিকতা। যুবলীগসহ আওয়ামী লীগের রাজনীতি করতে হলে আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে। যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়তে হবে। শুধু মুখে মুখে বঙ্গবন্ধুকে ধারণ করলে চলবে না, হৃদয়ে ধারণ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। কারণ তিনি উন্নয়নের প্রতীক, অগ্রগতির প্রতীক, সংগ্রামের প্রতীক। তাকে হত্যা করতে পারলেই দেশকে উল্টোপথে পরিচালনা করা সম্ভব হবে। পরাজিত শক্তির দোসরাই সে চেষ্টা করছে। প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। নেতাকর্মীর মাঝে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিচ্ছবি দেখা যায় বলেও মন্তব্য করেন তার ভাই শেখ ফজলুর রহমান মারুফ।
সম্মেলন উদ্বোধন করেন যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।
যুবলীগ ১৯নং ওয়ার্ড সভাপতি মো. বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াতবাদ, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক নাসরিন জাহান শেফালী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্ট্রার শেখ ফজলে ফাহিম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক আতিক, আসাদুল হক আসাদ, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, যুবলীগ উত্তরের সহ সভাপতি ও কাউন্সিলর জাকির হোসেন বাবুল ও গুলশানা থানা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম হৃদয় প্রমুখ। সভা পরিচালনা করেন ১৯নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মো. মোস্তফা।
দ্বিতীয় অধিবেশন ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল সভাপতিত্ব করেন।
