পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বোমা বিস্ফোরণে পুলিশ নিহত

আপডেট : ১৮ মে ২০১৬, ১৮:২৪
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নগরী পেশোয়ারে জোড়া বোমা বিস্ফোরণে বুধবার অন্তত এক পুলিশ নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। কর্মকর্তারা জানান, পুলিশের টহল দলকে লক্ষ্য করে সেখানে হামলা চালানো হয়।
 
পেশোয়ারের দক্ষিণ উপকণ্ঠের আসলাম ধেরি এলাকায় রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা প্রথমে বিস্ফোরিত হয়। পুলিশের একটি টহল গাড়ি বোমার ওপর দিয়ে যাওয়ার সময় এটির বিস্ফোরণ ঘটে।
 
হতাহতদের সহায়তায় পুলিশ ও উদ্ধারকারীরা এগিয়ে আসার ২০ মিনিট পর দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়। জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান এএফপিকে বলেন, ‘দুটি বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত ও অপর তিনজন আহত হয়।’
 
হাসপাতালের কর্মকর্তা জুলফিকার আলি বাবাখেল বলেন, হাসপাতালে একটি মৃতদেহ ও ১০ জনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। আহতদের মধ্যে তিনজন পুলিশ ও সাত জন বেসামরিক লোক।
 
তাৎক্ষণিকভাবে কোন সংগঠন হামলার দায় স্বীকার করেনি।