বেসামরিক বিমান পরিবহন শিল্পের বাজার ১৫৩ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে ২০২০ সালের মধ্যে নতুন ৫০০টিরও বেশি বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চীন। চীনের কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রকাশিত একটি গাইডলাইনের সূত্রে এ খবর জানিয়েছে এনডিটিভি।
দেশটির প্রধান কৃষি অঞ্চল, বন এলাকা ও পাঁচটি নান্দনিক পর্যটন এলাকায় এসব বিমানবন্দর নির্মিত হবে। পরিকল্পনায় হেলিকপ্টার ও ব্যক্তিগত জেটসহ দেশটির বেসামরিক আকাশযানের সংখ্যা ২০২০ সালের মধ্যে পাঁচ হাজারেরও বেশি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদপত্র ডেইলি চায়না জানিয়েছে, বার্ষিক মোট উড্ডয়নকাল ২০ লাখ ঘণ্টা বাড়বে বলে হিসাবে ধরা হয়েছে।
২০১৫ সালের শেষনাগাদ প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী, চীনে ৩০০টিরও বেশি বিমানবন্দর, ২৮১টি এন্টারপ্রাইজ এবং ১,৮৭৪টি আকাশযান রয়েছে। গেল বছর দেশটির বার্ষিক মোট উড্ডয়নকাল ছিল সাত লাখ ৩২ হাজার ঘণ্টা।
পরবর্তী তিন বছরে অবকাঠামো খাত উন্নয়নের জন্য ১২ মে দেশটি ৭২৩ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। এসব উন্নয়ন পরিকল্পনার মধ্যে বিমানবন্দর নির্মাণও রয়েছে। শ্লথ হয়ে পড়া অর্থনীতির গতি ফিরিয়ে আনতেই দেশটি এসব পরিকল্পনা গ্রহণ করেছে। এই অ্যাকশন প্ল্যানের মধ্যে রেলওয়ে, মহাসড়ক, জলপথ, বিমানবন্দর ও নগর রেল ট্রানজিট উন্নয়নে ৩০৩টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে চলতি বছর ১৩১টি প্রকল্প, আগামী বছর (২০১৭) ৯২টি প্রকল্প এবং ২০১৮ সালে বাকি ৮০টি প্রকল্পের কাজ শুরু করা হবে।
গেল বছর চীনের অর্থনীতি গতি শ্লথ হয়ে প্রবৃদ্ধি ছয় দশমিক নয় শতাংশে নেমে আসে। চলতি বছর প্রবৃদ্ধি ছয় দশমিক পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ হবে বলে আশা করছে দেশটির সরকার।
