শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি'র যুগ্ম মহাসচিব এম আসলাম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, 'উপ-পরিচালক নাসির উদ্দিনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ওই অনুসন্ধানের তদারককারী কর্মকর্তা হিসেবে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছে।'
আসলাম চৌধুরীর মালিকানাধীন রাইজিং গ্রুপের একাধিক সিএনজি স্টেশন, লবণ কারখানাসহ শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। গত রবিবার বিএনপি'র নবনিযুক্ত যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। পরের দিন তাকে আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
উল্লেখ্য, ইসরাইল ভিত্তিক গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আসলাম চৌধুরী সম্প্রতি ভারতে যান। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বহির্ভূত রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে সাক্ষাৎ করেন বলে গণমাধ্যম প্রকাশ করে।
