পশ্চিমবঙ্গে বিধানসভায় আবারো ক্ষমতায় আসছেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। গতবারের চেয়ে তিনি এবার আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনায় ২৯৪টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এর আগে ২০১১ সালের নির্বাচনে ১৮৪ টি আসনে জয় পেয়েছিল দলটি।
নির্বাচন শেষ হওয়া পর ফলাফলের পূর্বাভাসে বলা হয়েছিল, মমতা ১৬৫ থেকে ১৭০টি আসনে জয় পেয়ে ফের ক্ষমতায় আসতে পারেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, বামফ্রন্ট ও কংগ্রেসের ভরাডুবি ঘটিয়ে তৃণমূল ২০০টিরও বেশিতে আসনে জয় পেয়েছে। অপর দিকে আসন সংখ্যা বিচারে তৃতীয় অবস্থানে নেমে গেছে বামফ্রণ্ট। তারা ২৭ টি আসন পেয়েছে। আর ৪৬টি আসন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে এসেছে কংগ্রেস। এছাড়াও বিজেপি চারটি আসন ও অন্যান্যরা চারটি আসনে জয় পেয়েছেন।
দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে যাওয়ায় এরই মধ্যে মমতার বাসভবনের সামনে উদযাপন শুরু হয়ে গেছে।
সারদা কেলেঙ্কারি ও নারদ নিউজের স্টিং অপারেশনের কারণে কিছুটা ফিকে হয়ে গিয়েছিল তৃণমূলের সবুজ রং। এর সঙ্গে কলকাতায় ফ্লাইওভার ধসে মমতার ওপর আরো বেশি চাপ সৃষ্টি করেছিল। কিন্তু সবকিছুকে ছাপিয়ে দুই তৃতীয়াংশের বেশি আসন দখলে নিলেন ভারতে দিদি হিসেবে পরিচিত মমতা বন্দোপাধ্যায়।
অবশ্য নিজের জয় নিয়ে প্রায় নিশ্চিত ছিলেন মমতা বন্দোপাধ্যায়। নির্বাচন চলাকালে একটি সভায় জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছিলেন তিনি।
মমতার এই জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আগামী ২৭ মে শপথ গ্রহণ করার কথা জানিয়ে মমতা বলেছেন, আমি বাংলার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাই। জনগণ বুঝতে পেরেছে যে, বিরোধী দল মিথ্যা বলেছে। ব্যক্তিগতভাবে আমি অনেক মানুষের নিশানা ছিলাম। কিন্তু ভোটাররা তার জবাব দিয়েছে।
