সিরিয়ায় আবারো বিমান হামলা, এক পরিবারের ১২ জন নিহত

আপডেট : ১৯ মে ২০১৬, ১৩:২২
 
সিরিয়ায় আবারো সরকার বাহিনীর বিমান হামলায় এক পরিবারের ১২ জন নিহত হয়েছেন। দেশটির মধ্যাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে এই হামলা চালানো হয়। পর্যবেক্ষক একটি গোষ্ঠীর বরাতে বিবিসি বলছে, রাস্তান শহরের আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
 
বিমান হামলার পর অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি দেহ মেঝেতে পড়ে আছে, সেগুলোর মধ্যে তিনটি শিশুও রয়েছে। হমস প্রদেশের রাস্তানই বিদ্রোহীদের সর্বশেষ শক্ত ঘাঁটি। চলতি বছরের শুরু থেকে শহরটি সরকারি বাহিনী ঘিরে রেখেছে।
 
শহরটিতে ১ লাখ ২০ হাজার মানুষ রয়েছেন বলে ধারণা করা হয়। ২০১১ সালে যেসব এলাকায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়েছিল রাস্তানও তার একটি।
 
সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য-ভিত্তিক গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবারের বিমান হামলায় বাবা-মা, তাদের দুই ছেলে ও চার মেয়েসহ ১৩ জন নিহত হয়েছেন। তবে স্থানীয় সমন্বয়কারী একটি কমিটি নিহতের সংখ্যা ১২ বলে দাবি করেছে।
 
ওই কমিটি বলছে, একটি অ্যাপার্টমেন্টে বিমান থেকে 'ভ্যাকুয়াম মিসাইল' হামলা চালানো হলে ওই পরিবারের সদস্যরা নিহত হন। সাধারণত বাঙ্কার কিংবা অন্য কোন আশ্রয়ের ভেতরে আত্মগোপন করে থাকা আহত ব্যক্তিদের হত্যা করার জন্য এ ধরনের মিসাইল ব্যবহার করা হয় বলে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে। বিডি নিউজ।