রুতবা থেকে আইএসকে বিতাড়িত করল ইরাক

আপডেট : ১৯ মে ২০১৬, ১৩:৩০
 
ইরাকের আনবার প্রদেশের পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত শহর রুতবা থেকে ইসলামিক স্টেটকে (আইএস) বিতাড়িত করা হয়েছে বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। বিবিসি তার প্রতিবেদনে জানায়, ইরাকের সন্ত্রাস-বিরোধী সেনাদল আইএসের দখলমুক্ত শহরটির কেন্দ্রস্থলে ইরাকি পতাকা উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন আবাদি।
 
রুতবা পুনর্দখলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী বিমান হামলা চালিয়ে ও স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা সমর্থন দিয়ে ইরাকি সেনাদলকে সহায়তা করে। জর্ডানগামী মহাসড়কের পাশে অবস্থিত ছোট শহর রুতবা কৌশলগতভাবে 'অত্যন্ত গুরুত্বপূর্ণ' বলে জানিয়েছেন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন।
 
সম্মিলিত বাহিনীর আক্রমণের মুখে শহরটিতে ঘাঁটি গেড়ে থাকা প্রায় ২০০ জঙ্গি তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলে জানিয়েছেন তিনি।
 
কর্নেল ওয়ারেন বলেন, আমাদের বাহিনীকে আসতে দেখেই বহু শত্রু পালাতে শুরু করে। রুতবা হারিয়ে আইএস একটি গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হারালো।' ছোট হলেও এই শহরটি ইরাক ও জর্ডান উভয় দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে বলে জানান তিনি। রুতবার কাছেই আইএস নিয়ন্ত্রিত একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং দিয়ে সিরিয়াও যাওয়া যায়।
 
এই শহরটির ঘাঁটিটি উত্তর ও পূর্ব ইরাকে হামলা চালানোর কাজে ব্যবহার করতো জঙ্গিরা।
 
রাজধানী বাগদাদ থেকে ৩৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত শহরটি সুন্নি অধ্যুষিত আনবার প্রদেশে ইরাকি সরকারি বাহিনীর পাওয়া সর্বশেষ সাফল্য।  এর আগে গেল মাসে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সহায়তায় সরকারি বাহিনী হিট টাউন আইএসের দখলমুক্ত করে। তারও আগে ফেব্রুয়ারিতে আনবার প্রদেশের রাজধানী রামাদি আইএসের সম্পূর্ণ দখলমুক্ত হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়। বিডি নিউজ।