মেহেরপুরে তিন সহোদরকে হত্যার মামলায় একজনের ফাঁসির রায় দিয়েছে আদালত। ঘটনার দায়ে আরো দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মিনহাজুল আবেদীন দুখু। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, আজিম উদ্দীন ও তোজাম্মেল ওরফে চেতন আলী।
বৃহস্পতিবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ টিএম মুসা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে চেতন আলী আদালতে উপস্থিত ছিলেন। দুখু ও আজিম উদ্দীন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ৩০ অগাস্ট রাতে ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে গাংনী উপজেলার সীমান্তবর্তী ধলা গ্রামের ইউপি সদস্য ইমদাদুল হকসহ তার দুই ভাই জাহিদুল ইসলাম ও রুহুল আমিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। হত্যার পরদিন নিহত ইমদাদুল হকের স্ত্রী রেনুকা খাতুন বাদী হয়ে দুখুকে প্রধান আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০/১৫ জনের নামে হত্যা মামলা করেন। ওই বছরের ৩০ নভেম্বর দুখুসহ ৩২ জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র প্রদান করে।
