বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, 'জঙ্গিদের সঙ্গে বর্তমান সরকারের আচরণগত মিল আছে। আর তাই দেশে একের পর এক গুপ্ত হত্যা হচ্ছে।'
বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নিহত শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এ সময় অধ্যাপক রেজাউল হত্যার প্রকৃত খুনীদের গ্রেফতার দাবি জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, মানুষকে বিভ্রান্ত ও জনদৃষ্টিকে ঝাঁপসা করানোর জন্য নয়, প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নারায়নগঞ্জে শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রিজভী বলেন, কেউ দোষ করলে তার জন্য আইন আছে, প্রচলিত আইনেই তার বিচার হওয়া উচিত। কিন্তু সেটি না করে একজন ব্যক্তি তার গডফাদার সুলভ আচরণ করে বিচার করবেন, কান ধরে উঠ-বস করাবেন- সভ্য সমাজে তা মেনে নেয়া যায় না।
এর আগে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় অধ্যাপক রেজাউল করিমের বাসায় গিয়ে তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, নিহত অধ্যাপক রেজাউল করিমের স্ত্রী হোসনে আরা, মেয়ে রিজওয়ান হাসিন শতভিসহ অন্যরা।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকালে শালবাগান এলাকায় নিজ বাড়ির অদূরে কুপিয়ে হত্যা করা হয় অধ্যাপক রেজাউলকে। এ ঘটনায় জেএমবি জড়িত বলে দাবি করেছে পুলিশ। হত্যাকাণ্ডে অংশ নেয়া একজনসহ চার জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে অংশ নেয়া জেএমবি সদস্য মাসকাওয়াথ হাসান সাকিব ওরফে আব্দুল্লাহ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দিও দিয়েছেন।
