শুরু হলো সেরা সাঁতারুর খোঁজ

আপডেট : ১৯ মে ২০১৬, ১৫:৫৯
যাত্রা শুরু হলো সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ এর কার্যক্রম। বৃহস্পতিবার সাঁতার নিয়ে দেশের প্রথম ট্যালেন্ট হান্ট কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
 
তিনি বলেন,‘জীবনের জন্য সাঁতার,তাই দেশের প্রতিটি জেলায় ও উপজেলা গুলোতে সুইমিংপুল তৈরি করা দরকার। আমাদের সাঁতার আরও এগিয়ে যাবে এবং বিশ্বদরবারে অলিম্পিক,এশিয়ান গেমস ও এসএ গেমসের মতো প্রতিযোগিতায় আমরা আরও সাফল্য পাব।’
 
দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাঁতারুদের অংশগ্রহণ থাকবে প্রতিযোগিতায়। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় রাজধানীর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সের সুইমিং পুলে প্রথমবারের মতো শুরু হয়েছে অনবদ্য এই সাঁতারের প্রতিযোগিতা।
 
উদ্বোধনী দিনের প্রতিযোগিতায় হিটে অংশ নেন ঢাকা জেলার সাঁতারুরা। অনুষ্ঠান শেষে হিটে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতিযোগিতার প্রথম পর্বের বাছাই চলবে ১৯ মে থেকে ০২ অক্টোবর পর্যন্ত।
 
এই প্রতিযোগিতার মাধ্যমে সারাদেশের ৬৪টি জেলার ৪৮৯টি উপজেলা হতে বাছাইকৃত সেরা সাঁতারুদের ঢাকায় এনে দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
 
সারা দেশের প্রায় ২৫ হাজার সাঁতারু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় সর্বমোট ৬৫ লাখ টাকার পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
 
এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহিদ আহসান রাসেল এমপি এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।