বাংলাদেশে কাজ করা সেরা বিদেশি কোচদের মধ্যে একজন জর্জ কোটান। তার হাত ধরেই বাংলাদেশ জেতে প্রথম সাফ শিরোপা। এরপরও কয়েকবার ঢাকায় কাজ করেছেন এই অস্ট্রিয়ান কোচ। এবার এলেন ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর দায়িত্ব নিতে। বুধবার ঢাকায় পা রেখে দলের দায়িত্ব বুঝে নিয়েছেন ৬৯ বছর বয়সী কোটান।
আপাতত দায়িত্ব ছয় মাসের; তবে আবাহনীর নতুন কোচ কোটান বড় লক্ষ্য নিয়েই কাজ শুরু করতে চান। চ্যাম্পিয়ন করাই লক্ষ্য তার।
তিনি বলেন, ‘রুপু (আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু) আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং বর্তমান দল সম্পর্কে বলেছিল-গত মৌসুমের চেয়ে এটা ভালো। আমিও ভাবলাম হাতে ছয়টা মাস সময় আছে এবং আমি এটা আবাহনী ও বাংলাদেশের ফুটবলকে দিতে পারি।’
তিনি আরো বলেন, ‘আমি এই দেশটাকে ভালোবাসি এবং যখনই ডাক পাই, সুযোগ পাই, সেটা হারাতে চাই না। আমি অলস বসে থাকতে ভালোভাসি না। কাজ করতে পছন্দ করি। আশা করি, ছয় মাসের মধ্যে আমি লিগ ও অনান্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে পারব।’
কোটানের চাওয়া পূরণের সম্ভাবনা নিয়ে অবশ্য প্রশ্ন আছে। স্বাধীনতা কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হলেও সূচি অনুযায়ী ১৫ মে ফেডারেশন কাপ শুরু করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১০ জুন প্রিমিয়ার লিগ শুরু করতে চেয়েছিল সংস্থাটি। ফেডারেশন কাপ পেছানোয় লিগও পেছাবে। তবে এসব নিয়ে না ভেবে কাজ শুরু করতে চান কোটান।
গত মৌসুমে আবাহনীর কোচ ছিলেন কোটান। সেবার হাঙ্গেরি থেকে তিন ফুটবলার এনেছিলেন তিনি। এবার অবশ্য লি টাক, সানডে চিজোবা, রোহান রিকেটস, কামারা সাররার মতো নির্ভরযোগ্য বিদেশি আছে দলে। এদের সঙ্গে জুয়েল রানা, ওয়ালী ফয়সাল, নাবীব নেওয়াজ জীবন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তপু বর্মনের মতো তারকা খেলোয়াড় থাকায় দলটি বেশ শক্তিশালী। স্বাধীনতা কাপে রানার্সআপ হয়েছিল দলটি।
