ত্রিদেশীয় সিরিজে নেই গেইল, ফিরেছেন নারাইন

আপডেট : ১৯ মে ২০১৬, ১৭:১১
অস্ট্রেলিয়া  ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ত্রি-দেশীয় সিরিজে প্রথম চার ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। আর এই দলে জায়গা হয়নি দলের সবচেয়ে বড় তারকা ক্রিস গেইল, অধিনায়ক ড্যারেন স্যামি ও অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর।  জায়গা পাননি অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।
 
তবে এই স্কোয়াডে জায়গা পেয়েছেন অফস্পিনার সুনিল নারাইন ও কাইরন পোলার্ড। গত বছরের নভেম্বর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি ক্যারিবীয় এই ক্রিকেটারদের। 
 
নারাইন মূলত গত বছরের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন এবং এরপরই নিষিদ্ধ হন। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেলেও পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি না হওয়ায় নিজেকে সেখান থেকে প্রত্যাহার করে নেন।তবে গত এপ্রিলে আইপিএল শুরু হওয়ার আগে তার বোলিং অ্যাকশন বৈধ বলে ঘোষণা দেয় আইসিসি। আগামী ৩ জন এই সিরিজ শুরু হবে।