ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জিতেছে লেস্টার সিটি। এবার তারা সেই সংবর্ধনা পেল ব্যাংককে। ব্যাংককে নেমেই বীরের সংবর্ধনা পেয়েছে ইপিএল চ্যাম্পিয়নরা।
সদ্য শেষ হওয়া মৌসুমটাও তারা শুরু করেছিল অবনমন এড়ানোর লক্ষ্য নিয়ে। মৌসুমের শুরুতে ইপিএলের শিরোপা লড়াইয়ে লেস্টারের পক্ষে বাজির দর ছিল ৫০০০:১। বাজি ধরার প্রতিষ্ঠান আর ফুটবল বিশেষজ্ঞদের সব হিসেব পাল্টে দিয়ে সাফল্যের চূড়ায় বসে তারা।
অভাবিত এই সাফল্য উদযাপনের একটা পর্ব ক্লাবটি শেষ করে নিজেদের শহর লেস্টারে। গত সোমবার ২৪ হাজার মানুষের সামনে ছাদ খোলা বাসে শহর প্রদক্ষিণ করে ক্লাবটির খেলোয়াড়, কোচিং স্টাফ আর কর্মকর্তারা।
কোচ ক্লাওদিও রানিয়েরি, অধিনায়ক ওয়েস মর্গ্যানসহ ক্লাবটির খেলোয়াড়, কর্মকর্তারা ব্যাংককের সুবর্নভুমি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের স্বাগত জানায় সেখানে উপস্থিত উৎসবমুখর সমর্থকরা।
মিডফিল্ডার রিয়াদ মাহরেজ, ড্যানি ড্রিংকওয়াটার আর জেমি ভার্ডি অবশ্য এই সফরে যাননি। তিনজনই তাদের জাতীয় দলের সঙ্গে আছেন।
৬ বছর আগে শ্রিবধানাপ্রভা কিনে নেওয়ার আগে পর্যন্ত থাইল্যান্ডে বেশিরভাগ মানুষের কাছেই অপরিচিত একটি ক্লাব ছিল লেস্টার। তবে এখন দেশটির ফুটবল সমর্থকরা ম্যানচেস্টার ইউনাইটেড আর লিভারপুলের মতো ক্লাব বাদ দিয়ে লেস্টারের সমর্থন করতে শুরু করেছে।
