ওয়ালটন তৃতীয় বিচ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে শতদল ক্লাব। বুধবার প্রতিযোগিতার ফাইনালে কক্সবাজার আবাহনীকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে শতদল। চ্যাম্পিয়ন শতদল ক্লাব ২০ হাজার ও রানার আপ আবাহনী ১৫ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। এ ছাড়া প্রত্যেকটি দলকে অংশগ্রহণের জন্য সম্মানি দেওয়া হয়েছে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কক্সবাজার আবাহনীর রিদওয়ান। ওয়ালটন তৃতীয় বিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার ফুটবল বিষয়ক সম্পাদক এবং ওয়ালটন তৃতীয় বিচ ফুটবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক রাশেদ হোসেন নান্নু। সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জসিম উদ্দীন।
এবারের ওয়ালটন তৃতীয় বিচ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার ৮টি দল অংশ নেয়। দলগুলো হল- কক্সবাজার আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও শতদল ক্লাব।
