শুক্রবার এলিজা’স ট্রাভেল ডায়রির মোড়ক উন্মোচন

আপডেট : ১৯ মে ২০১৬, ১৮:৪১
এশিয়ার ১০টি স্থানে নিজের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করতে যাচ্ছেন এলিজা বিনতে এলাহি। শুক্রবার বিকেল ৫টা ৩০মিনিটে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্স লাইব্রেরি (এপিপিএল) প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত এই বইয়ের মোড়ক উন্মোচন উৎসব অনুষ্ঠিত হবে।
 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট হাসনাত আব্দুল হাই। একাডেমিক প্রেস এন্ড পাবলিশার্সের চেয়ারম্যান ড. মীজানূর রহমান শেলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এন্টার্কটিকার এক্সপেডিটর ইনাম আল হক। এছাড়া অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সমকালের ফিচার সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক মাহবুব আজিজ।
 
এলিজা বিনতে এলাহি পেশায় একজন শিক্ষক। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে নিযুক্ত আছেন তিনি। ‘এলিজা’স ট্রাভেল ডায়রি তার প্রথম বই। ২০০৯ সাল থেকে ২০১৬ পর্যন্ত তার ভ্রমণের অভিজ্ঞতাগুলোই উঠে এসেছে বইটিতে। বইয়ের ১০টি অনুচ্ছেদে ঠাঁই পেয়েছে এশিয়ার ১০টি স্থানে তার ভ্রমণের অভিজ্ঞতা।