সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের জামানত থাকবে না: মির্জা ফখরুল

আপডেট : ১৯ মে ২০১৬, ১৮:৫৯
 
 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বার বার আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার সমঝোতা করেনি। কারণ, সমঝোতা করলেই নির্বাচন দিতে হবে। আর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে তাদের জামানত থাকবে না। সেজন্য সংলাপের আহ্বান সরকারের কানে যায় না। তারা একদলীয় শাসন চাপিয়ে, অত্যাচার, নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন।
 
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের নিচ তলায় এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজীজুল্লাহ-এর আত্মার মাগফেরাত কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এতে সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
 
সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, আজকে বড় কোনো মিলাদ, প্রতিবাদ সমাবেশ ও জনসভা করার জন্য জায়গা পাওয়া যায় না। সরকার দেশকে সেই পর্যায়ে নিয়ে গেছে। কথা বলতে গেলেই মামলা। তারপর জেল-জুলুম। গোটা দেশটাকেই একটা কারাগারে পরিণত করা হয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।
 

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলছে। সেই মামলা কত দ্রুত শেষ করা সেই চেষ্টা চলছে। আমাদের বসে থাকলে চলবে না। সংগঠনিক শক্তি, মনে শক্তি বৃদ্ধি করতে হবে। যাতে খালেদা জিয়া রাজনীতি করতে পারে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। যাতে দেশের মানুষ দম ফেলে বাঁচতে পারে।