সিরিয়ায় মধ্যাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি শহরে সরকারি বাহিনীর বিমান হামলায় এক পরিবারের ১২ জন নিহত হয়েছেন। পর্যবেক্ষক একটি গোষ্ঠীর বরাতে বিবিসি বলছে, রাস্তান শহরের আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
বিমান হামলার পর অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি দেহ মেঝেতে পড়ে আছে, সেগুলোর মধ্যে তিনটি শিশুও রয়েছে। হোমস প্রদেশের রাস্তানই বিদ্রোহীদের সর্বশেষ শক্ত ঘাঁটি। চলতি বছরের শুরু থেকে শহরটি সরকারি বাহিনী ঘিরে রেখেছে।
সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণকারী যুক্তরাজ্য-ভিত্তিক গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বুধবারের বিমান হামলায় বাবা-মা, তাদের দুই ছেলে ও চার মেয়েসহ ১৩ জন নিহত হয়েছেন। একটি অ্যাপার্টমেন্টে বিমান থেকে ‘ভ্যাকুয়াম মিসাইল’ হামলা চালানো হলে ওই পরিবারের সদস্যরা নিহত হন।
সাধারণত বাঙ্কার কিংবা অন্য কোনো আশ্রয়ের ভেতরে আত্মগোপন করে থাকা আহত ব্যক্তিদের হত্যা করার জন্য এ ধরনের মিসাইল ব্যবহার করা হয় বলে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে। সিরীয় সরকার এবং রুশ বাহিনী এই ধরনের বোমা ব্যবহার করে আসছে বলে জানা গেছে।
