জুলহাজ-তনয় হত্যা: শিহাব ফের ৫ দিনের রিমান্ডে

আপডেট : ১৯ মে ২০১৬, ২০:০১
 
রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও দাতা সংস্থা ইউএস এইডের কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যাকাণ্ডে ঘটনায় গ্রেফতারকৃত শরিফুল ইসলাম ওরফে শিহাবকে বৃহস্পতিবার ফের পাঁচদিনের রিমান্ড দিয়েছে আদালত।
 
প্রথম দফার তিন দিনের রিমান্ড শেষে আজ তাকে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে হাজির করান মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক বাহার উদ্দিন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবির রাজ তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
উল্লেখ্য, গত ১৫ কুষ্টিয়ার সদর এলাকার ছয় রাস্তার মোড় থেকে শিহাবকে গ্রেফতার করে ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল  ক্রাইম ইউনিট।
 
পুলিশের দাবি, আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য শরিফুল ইসলাম ওরফে শিহাব খুনিদের অস্ত্র সরবরাহকারী ছিলেন। তিনি ব্যাকআপ সদস্য হিসেবে কাজ করেছেন। হত্যাকাণ্ডের দিন ব্যবহূত দু’টি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি এবং বোমা দিয়ে সহায়তা করেছিলেন। শিহাব ১৯৯৮ সাল থেকে হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। তবে ২০১৫ সালে তিনি আনসারুল্লাহ  বাংলাটিমে (এবিটি) যোগ দেন। বর্তমানে তিনি কুষ্টিয়া অঞ্চলের এবিটির একটি ইউনিটের দায়িত্বে ছিলেন। প্রায় দু’মাস ধরে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়।
 
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল কলাবাগানে ৩৫ উত্তর ধানমন্ডির বাড়ির দোতলার বাসায় প্রবেশ করে জুলহাজ ও তার বন্ধু তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।