তামিলনাড়ুতে জয়ললিতার জয়

আপডেট : ১৯ মে ২০১৬, ২১:৫৬
প্রবল সরকারবিরোধী হাওয়া, বুথ ফেরত জরিপ সবকিছুকে পিছনে ফেলে তামিলনাড়ুর মসনদে আবারো বসছেন ‘আম্মা’ খ্যাত জে জয়ললিতা। রাজনীতির ইতিহাসে গত ৩২ বছরের মধ্যে তিনিই প্রথম মুখ্যমন্ত্রী যিনি ধারাবাহিকভাবে ফের এই পদে বসতে যাচ্ছেন। তাই তার শপথ গ্রহণ এখন সময়ের অপেক্ষা মাত্র।
 
বিজয়ের আনন্দে জয়ললিতা বলেন, আমার অভিধানে এর ভাষা খুঁজে পাচ্ছি না। তবে এজন্য আমি রাজ্যের জনগণের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি বলেন, আমার এ জীবনে আর কোনো স্বার্থ নেই।
 
স্বার্থ শুধু এখানকার মাটি ও মানুষের জন্য কাজ করে যাওয়া। চেন্নাইয়ের তার বাড়ির সামনে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে সমর্থকদের বিজয় উল্লাস শুরু হয়ে যায়। সমর্থকরা এসময় তাদের নেত্রীর বিজয়ে মেতে ওঠেন। বুথ ফেরত জরিপে বলা হয়েছিল তার প্রবল প্রতিদ্বন্দ্বী ডিএমকে’র করুনানিধিই ক্ষমতায় আসতে যাচ্ছেন।
 
কিন্তু ভোট গণনা এবং ফলাফল আস্তে আস্তে আসতে থাকায় সেই ধারণা পাল্টাতে থাকে। ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি না হলেও তারা পরাজয় মেনে নিয়েছেন-তেমনটাই ইঙ্গিত করা হয়। সকাল ১১টা পর্যন্ত ২৩৪টি আসনের মধ্যে ১৪০টি আসন এককভাবে দখল করে জয়ললিতার এআইএডিএমকে৷ ৮০টি আসনে জয়লাভ করেছে ডিএমকে-কংগ্রেস জোট৷