যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির পর ঢাকা থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নেয়া হলেও ভিসা কার্যক্রম ‘স্বাভাবিকভাবে চলছে’ বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দূতাবাস।
বৃহস্পতিবার ওই বিবৃতিতে বলা হয়, ঢাকায় তুরস্ক দূতাবাস ও ভিসা কার্যক্রম নিয়ে কিছু খবর প্রকাশিত হয়েছে, যার বাস্তবসম্মত ভিত্তি নেই।
বিষয়টি স্পষ্ট করার দায়বদ্ধতা থেকে জানাচ্ছি, ঢাকায় তুরস্কের দূতাবাস খোলা এবং পুরোদমে কাজ চলছে। অনলাইন ভিসা আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ভিসা ইস্যুও অব্যাহত রেখেছি আমরা। তবে তুরস্কের ভিসা কার্যক্রম নিয়ে কোথায় কী খবর প্রকাশিত হয়েছে তার কোনো উল্লেখ ওই বিবৃতিতে নেই।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর পক্ষ নিয়ে পাকিস্তানের মতো তুরস্কও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করে আসছে।
একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে গত ১০ মে মধ্যরাতে জামায়াত আমির নিজমীর ফাঁসি হওয়ার পর এক বিবৃতিতে ‘গভীর দুঃখ’ প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, তার ‘এ ধরনের শাস্তি প্রাপ্য ছিল বলে’তুরস্ক মনে করে না।
নিজামীর ফাঁসির প্রতিবাদে তুরস্কে বিক্ষোভও হয়। ফাঁসি পরবর্তী পরিস্থিতি পর্যালোচনার কথা বলে ঢাকা থেকে আঙ্কারায় ফিরিয়ে নেয়া হয় তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওসতুর্ককে। ওই ফাঁসি কার্যকরের প্রতিবাদ না করায় ইউরোপের নেতাদের ওপর ক্ষোভও ঝেড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান।
