একমাসেরও অধিক সময় ধরে বাংলাদেশে গোপনে অবস্থানের পর অবশেষে ঢাকা ত্যাগ করেছে এটিএম বুথ থেকে জালিয়াতি করে অর্থ উত্তোলনের সঙ্গে জড়িত দুই চীনা নাগরিক। তবে এ গ্রুপের অপর সদস্য জ্যু জিয়ানহুইকে বুধবার রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আটক করেছে র্যাব-২ এর সদস্যরা। ওই দু’জন জিয়ানহুইয়ের সহযোগী ছিলেন বলে জানা গেছে। তারা তিনজন গত ১৫ এপ্রিল ঢাকায় আসেন।
জিয়ানহুইকে আটকের পরদিন গতকাল বৃহস্পতিবার সকালে মালয়েশিয়া এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন ওই দুই চীনা নাগরিক। এদিকে গতকাল আদালত জিয়ানহুই’র এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
জানা গেছে, উত্তরা ৭ নম্বর সেক্টরের চীনা নাগরিকের মালিকানাধীন একটি বাসায় পেইং গেস্ট হিসেবে উঠেন জিয়ানহুইসহ ওই দুই চীনা নাগরিক। তারা উত্তরা ২০ নম্বর রোডের ২২ নম্বর হাউজে প্রতিদিন খাওয়া-দাওয়া করতে যেতেন। এছাড়া তারা সব সময় একসঙ্গেই থাকতেন। গতকাল বৃহস্পতিবার জিয়ানহুইয়ের দেওয়া তথ্যানুসারে র্যাব ওই বাসায় অভিযান চালালে বাসার মালিক পেন জ্যু জানান, সকালে মালয়েশিয়া এয়ারওয়েজের একটি ফ্লাইটে ওই দুই চীনা নাগরিক ঢাকা ত্যাগ করেছেন।
র্যাব-২ কার্যালয়ে গতকাল এক সাংবাদিক সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান এসব তথ্য জানান। তিনি বলেন, চীনা ওই নাগরিকের কাছ থেকে যে কার্ড দু’টি উদ্ধার হয় সে কার্ড দু’টি ব্যাংক অব রিয়াদের নকল কার্ড। তারা বাংলাদেশে আসার আগে সৌদি আরব ভ্রমণ করেছিলেন। তারা বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংকের বুথ থেকে ৫ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করেন।
সর্বশেষ রাজধানীর এলিফ্যান্ট রোডের প্রাইম ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াতি করে অর্থ উত্তোলনের সময় র্যাবের হাতে আটক হয় জিয়ানহুই। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দেওয়া হয়েছে। গতকাল সকালে র্যাব বাদী হয়ে রাজধানীর নিউমার্কেট থানায় মামলাটি করেছেন। র্যাব-২ এর মেজর আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মেজর আতাউর বলেন, ‘আইসিটি অ্যাক্ট (তথ্য ও প্রযুক্তি আইন) ও পেনাল কোডের দুটি ধারায় চীনা ওই নাগরিকের বিরুদ্ধে মামলা হয়েছে। জিয়ানহুইয়ের সাথে আন্তর্জাতিক জালিয়াত চক্রের কোনো যোগসাজশ আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’ বুধবার তাকে গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২টি ইন্টারন্যাশনাল এটিএম কার্ড ও নগদ ৬৬ হাজার টাকা পাওয়া যায়। কার্ডগুলো র্যাব সদস্যরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন।
গতকাল তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবির রাজ জিয়ানহুইর একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
