সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে যুবক মালেকের হত্যাকারী ৫ আসামির বিরুদ্ধে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করে। এদিকে পুলিশ কারখানার মালিককে গ্রেফতার করতে না পারে নি এখনো।
জানা গেছে, সোনাইছড়ি ইউনিয়নের অস্থায়ী অধিবাসী ছিদ্দিক পাটোয়ারীর ছেলে আব্দুল মালেককে মোবাইল চুরির অভিযোগে গত মঙ্গলবার রাত সাড়ে ১২টায় তার ঘর থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। একই ইউনিয়নের চৌধুরীঘাটা এলাকায় অবস্থিত সাবেক চেয়ারম্যান সিরাজ উদদৌলার বাড়িতে আযবাহ মিনারেল ওয়াটার পানি সরবরাহকারী কারখানার মালিক মো. রিফাত হাসনাঈনের নির্দেশে আযমের নেতৃত্বে কারখানার ১০/১২ জন শ্রমিক তাকে সারা রাত অমানুষিক নির্যাতন করলে মালেক বুধবার ভোরে মারা যায়।
খবর পেয়ে এস আই কামাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে কারখানার শ্রমিক কামরুল হোসেন (১৮), মো. জামান (২৪), মো. ফোরকান (২০), মো. নুরুল আলম (২২) ও ম্যানেজার মো. খায়ের আহাম্মদকে (৫০) আদালতে প্রেরণ করে। বৃহস্পতিবার পুলিশ আদালতে ৫ জন আসামির বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করে। কিন্তু পুলিশ অবৈধভাবে মিনারেল ওয়াটার সরবরাহকারী পানি ব্যবসায়ী কারখানার মালিক মো. রিফাত হাসনাঈনকে ৩ দিনেও গ্রেফতার না করায় জনমনে সন্দেহের দানা বাঁধে।
এদিকে কারখানার মালিক রিফাত নিজেকে বাচাঁনোর জন্যে পুলিশের ধরা ছোঁয়ার বাহিরে আছে।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান ৩ দিন রিমান্ডের কথা স্বীকার করে জানান, হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য আসামিদের গ্রেফতার করার জোর প্রচেষ্টা চলছে।
