ইউএস ওপেনের ১৯৯৯ আসরের পর থেকে এখন পর্যন্ত কোনো গ্র্যান্ড স্লাম ইভেন্ট মিস করেননি ৩৪ বছর বয়সী ফেদেরার। অবিশ্বাস্য হলেও সত্য, শেষ ৬৫টি গ্র্যান্ড স্লামে কোর্টে নামেন সুইস তারকা। কিন্তু, বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ইভেন্ট ফ্রেঞ্চ ওপেনে তার খেলা হচ্ছে না। ফলে ১৭ বছর পর প্রথম কোনোগ্র্যান্ড স্ল্যাম মিস করছেন এই সুইস তারকা।
পিঠের ইনজুরি কারণে আসন্ন ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রজার ফেদেরার। তাই সুইস তারকার অনুপস্থিতিতে ফ্রেঞ্চ ওপেনের ঔজ্জল্যও যে কিছুটা কমে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না!
আগামী ২২ মে ১১৫তম ফ্রেঞ্চ ওপেনের পর্দা উঠবে। ক্লে-কোর্টের (লাল মাটির) এই টুর্নামেন্টটিই ফেদেরারের কাছে বড় চ্যালেঞ্জের নাম। ক্যারিয়ারে একবারই (২০০৯) এ শিরোপা উঁচিয়ে ধরেছিলেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ফেদেরার তার অনুভূতি প্রকাশ করেন, ‘আমার পূর্ণ ফিটনেসের অগ্রগতি অব্যাহত আছে, কিন্তু আমি এখনো শতভাগ ফিট নই। পুরোপুরি প্রস্তুত না হয়ে এই ইভেন্টে (ফ্রেঞ্চ ওপেন) খেলার অনর্থক ঝুঁকি নিতে চাইনি।’
‘এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেই সহজ ছিল না, কিন্তু মৌসুমের বাকি সময়ে যেন খেলতে পারি এবং ক্যারিয়ার আরো দীর্ঘায়িত করতে পারি সেটিই নিশ্চিত করতে চেয়েছি। আমার লক্ষ্য হচ্ছে, পরবর্তী এটিপি ওয়ার্ল্ড ট্যুরে গ্রাস কোর্ট সিজনের আগেই পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া। প্যারিসে আমার সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি রোঁলা গাঁরোয় (ফ্রেঞ্চ ওপেনের ভেন্যু) ২০১৭ সালে ফেরার দিকে দৃষ্টি রাখছি।’-যোগ করেন ফেদেরার।
অস্ট্রেলিয়ান ওপেন শেষে গত ফেব্রুয়ারিতে ছোটখাট হাঁটুর সার্জারি করান ফেদেরার। এর জেরে টানা চারটি টেনিস টুর্নামেন্ট নেদারল্যান্ডের রোটার্ডাম ওপেন, দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ, ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্স ও মিয়ামি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী।
