বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে ভারতের রাজনৈতিক দল বিজেপির মতো জয় পাবে বিএনপি আর আওয়ামী লীগ হারবে কংগ্রেসের মতো।
তিনি বলেছেন, বর্তমান সরকার অবৈধ ও অনির্বাচিত। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসেনি। এরা মুখোশধারী গণতন্ত্রমনা। এদের কোনো জনসমর্থন নেই। কাজেই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ভারতের বিজেপির মতো জয় পাবে বিএনপি, আর কংগ্রেসের মতো অবস্থা হবে আওয়ামী লীগের।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিপন্ন স্বাধীনতা, উপেক্ষিত আইনের শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) বরখাস্ত মেয়র অধ্যাপক এম এ মান্নানের মুক্তির দাবি ও গ্রেফতারের প্রতিবাদে ‘গাজীপুর মহানগরের সচেতন নাগরিক ফোরাম নামের একটি সংগঠন এ প্রতিবাদ সভার আয়োজন করে।
হান্নান শাহ বলেন, খালেদা জিয়া কিছু করার চেষ্টা করলে এ দেশের জনগণ বসে থাকবে না। তার ডাকে ঝাঁপিয়ে পড়বে।
বিএনপির এই প্রভাবশালী নেতা বলেন, বিএনপির দিকে কামান দাগার চেষ্টা করবেন না। নিজেদের ঘর সামলান। নিজেদের কথা ভাবুন। সামনে আপনাদের কাউন্সিল আসছে। সেই কাউন্সিলে কী হবে না হবে এটা নিয়ে ভাবেন।
