গোয়েন্দা পুলিশের হেফাজতে নিহত দ্বীন ইসলামের লাশ নিয়ে শুক্রবার মিছিল ও মানববন্ধন করেছে নরসিংদী শহরের পূর্ব ভেলানগর এলাকার শত শত নারী-পুরুষ ও শিশু।
বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষের সমন্বয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচি চলাকালে নিহত দ্বীন ইসলামের মা সাবিয়া বেগম ও তার ছোট বোন কেঁদে কেঁদে ডিবি পুলিশের বিচার দাবি করেছে। এ সময় তারা ডিবি পুলিশের এসআই গাফ্ফার ও খোকনের ফাঁসি চাই সংবলিত একটি ব্যানার ধারণ করে।
এর আগে তারা নরসিংদী জেলা প্রশাসকের নিকট দ্বীন ইসলাম হত্যাকাণ্ডের সাথে জড়িত ডিবি পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবি সংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেছে। এতে বলা হয়েছে, গত ১৯ মে বৃহস্পতিবার ভোর অনুমান পাঁচটায় ডিবি পুলিশের ওসি মো. দেলোয়ার হোসেন, এসআই খোকন চন্দ্র সরকার ও এসআই আব্দুল গাফ্ফার ৫ জন পুলিশ কনস্টেবল নিয়ে দ্বীন ইসলামের বাড়িতে যায়। তারা দ্বীন ইসলামকে ঘুম থেকে উঠিয়ে হাত কড়া পরিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। যাবার সময় এসআই খোকন চন্দ্র সরকার তা মা সাবিয়া বেগমকে জানিয়ে যায় পাঁচ লাখ টাকা চাঁদা দেয়া না হলে বেটি তোর ছেলেকে মেরে ফেলবো।
খোকন চন্দ্র সরকারের কথা অনুযায়ী দাবিকৃত টাকা না দেয়ার কারণে ডিবি ইন্সপেক্টর দেলোয়ার হোসেনের নির্দেশে সকল সংশ্লিষ্ট ডিবি পুলিশ সদস্যরা দ্বীন ইসলামকে শারীরিক নির্যাতন করে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের পর প্রকৃত ঘটনা ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করছে।
এলাকাবাসীর পক্ষ থেকে তারা জেলা প্রশাসকের নিকট দ্বীন ইসলাম হত্যাকারীদের বিচারের দাবী জানায়। এ ব্যাপারে নিহতের পরিবার জানায়, নরসিংদী সদর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তাদের মামলা নিতে অস্বীকৃতি জানায়। মামলার ব্যাপারে তারা কোর্টের আশ্রয় গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
