জাপানের ওকিনাওয়াতে এক নারীকে হত্যার পর তার লাশ লুকিয়ে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
গত এপ্রিল থেকে ২০ বছর বয়সী ওই নারী নিখোঁজ ছিল। গ্রেফতারকৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয় একটি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ২৩ বছর বয়সী কেনেথ ফ্রাঙ্কলিন শিনজাতো মার্কিন বিমান ঘাঁটির একজন ঠিকাদার এবং সে ওই নারীর লাশ লুকিয়ে রাখার কথা স্বীকার করেছে। তবে তার বিরুদ্ধে এখনও হত্যার অভিযোগ আনা হয়নি।
জি-৭ শীর্ষ সম্মেলন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জাপান সফরের এক সপ্তাহ পূর্বে এই ঘটনা ঘটল। এ ঘটনায় স্থানীয় লোকদের মাঝে ওকিনাওয়াতে মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেরোলিন কেনেডিকে ডেকে এই ঘটনার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।
প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার সাংবাদিকদের বলেন, এই ধরনের বর্বরোচিত ঘটনায় আমি ভীষণভাবে ক্ষুব্ধ। নিহতের পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। ফলে এই ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে আমরা মার্কিন পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সূত্র: বিবিসি
