আবারো জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রাথমিক স্কোয়াড থেকে পাঁচজনকে ক্যাম্প থেকে বাদ দিলেন কোচ লোডভিক ডি ক্রুইফ। আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিজ্ঞদের ওপর ভরসা রাখতে চান।অবশেষে তিন দিন অনুশীলন করানোর পর দলের পরিধি কিছুটা কমিয়ে আনলেন এই ডাচ ম্যান। ৩৬ জন থেকে পাঁচ জনকে বাদ দিয়েছেন। বাদ পড়াদের সবাই নতুন মুখ।
এরা হলেন- রহমতগঞ্জের দুই ফরোয়ার্ড নুরুল আবসার, মান্নাফ রাব্বি, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার কৌশিক বড়ুয়া, উত্তর বারিধারার মিডফিল্ডার খালেকুজ্জামান সবুজ ও বিজেএমসির উইঙ্গার সৈকত মাহমুদ।
এর আগে প্রাথমিক ক্যাম্পে ৩৪ জনকে ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরবর্তীতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় সোহেল রানা ও মামুনুল ইসলাম যোগ দেন। প্রাথমিক দলে এবার ডাক পেয়েছিলেন ছয় নতুন মুখ। এদের মধ্যে পাঁচজনই বাদ পড়ায় থাকলেন শুধু রহমতগঞ্জের ফরোয়ার্ড সৈয়দ রাশেদ তূর্য।
পাঁচ জন বাদ পড়া প্রসঙ্গে ক্রুইফ বলেন, ‘ তারা ভালো খেলোয়াড়। তবে আরও পরিপক্বতা ও সময় প্রয়োজন। তাজিকিস্তানের দুটি ম্যাচের আগে আমি নতুন করে কাউকে বেশি সময় দিতে পারছি না। ’
বাদ পড়লেও এদের মধ্যে সম্ভাবনা দেখছেন জাতীয় দলের কোচ,‘ আমি এদের দুই-তিন জনের মাঝে ভবিষ্যতের দায়িত্বভার নেয়ার যোগ্যতা দেখতে পেয়েছি। ’
উল্লেখ্য, ২ জুন তাজিকিস্তানে এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে অফ ম্যাচে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য ২৯ মে দেশ ছাড়বে বাংলাদেশ দল। মূল স্কোয়াড হবে ২৩ জনের। নতুন পাঁচজন এবং অভিজ্ঞ ডিফেন্ডার আতিকুর রহমান মিশু ইনজুরির জন্য নিজেই দল থেকে সরে দাঁড়ানোয় এখন ক্যাম্পে খেলোয়াড় সংখ্যা ৩০।
