ক্লাব ইতিহাসের ১৩২ বছর পর জিতিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। তাই স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উচ্ছাস চলছে। তবে এবার বোধহয় নিজের সবচেয়ে বড় সম্মাননা পেতে চলেছেন ক্লদিও রনিয়েরি।
নিজ দেশ ইতালিতে নাইট উপাধি পেতে যাচ্ছেন এই কোচ। ইন্টার মিলান ও জুভেন্টাসের সাবেক কোচ ইতালির জাতীয় এই সম্মাননা পাচ্ছেন ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখার জন্য।
রনিয়েরির এই সম্মাননা ইতালির নাইটহুডের তৃতীয় পর্যায়ের। ১৯৮২ ও ২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতানো খেলোয়াড়রা পেয়েছিল এর চেয়ে নিচের ধাপের সম্মাননা।
রনিয়েরি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র রুদি জুলিয়ানি, চলচ্চিত্র পরিচালক ফেদেরিকো ফেল্লিনি আর অপেরা গায়ক লুচিয়ানো পাভারোত্তি ও আন্দ্রেয়া বোচেল্লিদের পাশে নিজের নাম লেখাচ্ছেন।
রনিয়েরিকে তার অর্জনের স্বীকৃতি হিসেবে যুক্তরাজ্যের সম্মানজনক নাইট উপাধি দেওয়ার জন্য মনোনীত করতে লেস্টার ইস্টের এমপি কিথ ভাজ গত সপ্তাহে ক্যাবিনেট অফিসে আবেদন জানান। এর আগে ইংল্যান্ডের লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন আর ইতালির বর্ষসেরা কোচের পুরস্কার জেতেন রানিয়েরি।
