আজ কানের শেষ দিন কাল পুরস্কার

আপডেট : ২১ মে ২০১৬, ১৪:১৬
পাহাড় ঘেঁষা সাগর পাড়ের শহরটিতে কি ঘটছে, এই আগ্রহ অন্তত এক বছরের জন্য শেষ হতে চলেছে। আজ কানের শেষ দিন, কাল সন্ধ্যার মধ্যেই জানা যাবে কে পাচ্ছেন এই বহু কাঙ্ক্ষিত পুরস্কার। সাগরপাড়ে সবার মুখে ৫০ দশকের এক দম্পতির কথা, শুধুমাত্র বিয়ে করার অপরাধে ভার্জিনিয়ার আদালত তাদের কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন। এই দম্পতির প্রেমকাহিনি নিয়ে পরিচালক জেফ নিকলাস বানিয়েছেন ‘লাভিং’ কানের দর্শকদের হূদয় ছুঁয়েছেন। 
 
যদি জুরিদের মাপকাঠিতে যোগ্যতা অর্জন করে হতে পারে ‘লাভিং’ কুড়িয়ে নিচ্ছে পাম দি অর, অথবা পিটারসনের সেই বাসচালকের কাহিনি যার একটা গোপন জীবন ছিল। নিউজার্সির সে বাসচালক গোপনে কবিতা লিখতেন, ছিলেন একজন বড় মাপের কবি। প্রেম, প্রত্যাশা ও বেঁচে থাকার সব সংগ্রাম নিয়ে যে গল্প এঁকেছেন সেলুলয়েডে, তা তিরস্কার করাও অত্যন্ত কঠিন কাজ। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে, স্ত্রীকে চুমু দিয়ে বাস নিয়ে বের হয়। সারাদিন বাসে বহু মানুষের সাথে দেখা হয়, কথা হয়, অন্যদের কথা, অন্যদের সুখ-দুঃখ, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ও সময় সবকিছুর সাক্ষী এই বাসচালক। 
 
রাতে আবার বাড়ি ফিরে প্রিয় কুকুরটিকে নিয়ে গ্রামের ত্রাভেনে বসে বিয়ার হাতে যে অসামান্য কাব্য তিনি রচনা করেছেন, সেই কাব্য পুরস্কার না পেলেও তার কাহিনি হয়তো পেয়ে যাবে পাম দি অর। দেখা যাক, আর মাত্র একটা দিন। ছবি দেখতে দেখতে, ছবির গল্প শুনতে শুনতে ক্ষোভ জাগে কোথায় কাজ করছি আমরা? কোথায় যাচ্ছে আমাদের চলচ্চিত্র শিল্প? কাদের হাতে এর নিয়ন্ত্রণ? প্রতিদিন ছবি হচ্ছে কিন্তু দর্শক হলে যাচ্ছে না, আমাদের প্রযোজকরাও ক্ষতি অনুমান করে ছবি মুক্তি দিতে ভয় পাচ্ছেন। কবে পার হবো দেশের সীমানা? ছবি বানাবো সারা বিশ্বের দর্শকদের জন্য এমন হাজারো প্রশ্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছি কান চলচ্চিত্র উত্সবে...।