কোস্টারিকায় আগ্নেয়গিরির ধোয়া ও ছাইয়ে প্রায় তিন হাজার মিটার আকাশ ছেয়ে গেছে। ত্বকের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে শতশত মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। দেশটির বেশ কিছু স্কুল এ ঘটনায় বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ফ্লাইট। সেই সঙ্গে কিছু ফ্লাইট অন্যত্র অবতরণ করা হয়েছে।

বিবিসি তার প্রতিবেদনে জানায়, দেশটির রাজধানী সান জোসে থেকে ৪৫ কিলোমিটার পশ্চিমে ট্যুরিলবা আগ্নেয়গিরি থেকে বের হওয়া ধোয়া ও ছাইয়ে ঢেকে গেছে রাস্তা। সেখানে তীব্র সালফারের গন্ধ পাওয়া যাচ্ছে। কোস্টারিকার জরুরি অবস্থা মোকাবেলায় নিযুক্ত কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুসফুসের সমস্যা ও ত্বকের ক্ষতি থেকে বাঁচতে মাস্ক ও মোটা কাপড় ব্যবহার করা উচিত। সেই সঙ্গে শরীর সম্পূর্ণভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখারও পরামর্শ দেয়া হয়।

আগ্নেয়গিরি বিশেষজ্ঞ জিনা গনজালেজ বলেন, 'গত ছয় বছরের মধ্যে (ট্যুরিলবার জন্য) এটিই সবচাইতে শক্তিশালী অগ্নুৎপাত।'

উল্লেখ্য, কয়েক ডজন আগ্নেয়গিরির দেশ কোস্টারিকা। অবশ্য তার অধিকাংশই সুপ্ত। বিবিসি।
