কোনও সম্পর্কই ফুরায় না! ক'দিন আগে সে কথাই প্রমাণ করেছেন মালাইকা আরোরা ও আরবাজ খান। এবার সেটাই প্রমাণ করলেন সুজান খান এবং হৃতিক রোশন। কানাঘুষোয় খবর, আবার একসঙ্গে দাম্পত্যের সেকেন্ড ইনিংস শুরু করতে চলেছেন তারা।
সম্প্রতি একটি পার্টিতে একসঙ্গে দেখা গেছে সুজান এবং হৃতিককে। প্রায় বছর দু’য়েক হল তারা আলাদা হয়ে গেছেন, কিন্তু কখনই একসঙ্গে দু’জনে কোথাও দেখা করেননি। অন্তত সবার সামনে তো নয়ই! এবারই দেখা গেল ব্যতিক্রম। সমাজসেবী অনু দিওয়ানের পার্টিতে একসঙ্গে এলেন তারা।
শুধু একসঙ্গে আসাই নয়; সেই পার্টিতে সারাক্ষণ একসঙ্গই ছিলেন সুজান এবং হৃতিক।
সুজানের সঙ্গে ছিলেন তার দূর সম্পর্কের ভাই ফারদিন খান। তবে, তিনজনে মিলে সময় কাটাচ্ছেন, এমনটা কিন্তু চোখে পড়েনি। বরং, ফারদিন বেশ কোণঠাসা হয়েই ছিলেন। অন্য দিকে, আবার প্রাণ ফিরে পাচ্ছিল সুজান আর হৃতিকের হারিয়ে যাওয়া মুহূর্তরা।
অবশ্য, বেশ কিছু দিন আগেই ভার্চুয়ালি হলেও হৃতিকের পাশে এসে দাঁড়িয়েছিলেন সুজান। কঙ্গনা এবং হৃতিকের একটা ছবি ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। সেখানে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছিল তাদের। ছবিটা নিয়ে যখন চূড়ান্ত হইচই চলছে, তখনই সব গুজব ভেঙে দেন সুজান। জানান, ওই ছবিটা আদতে তার আর হৃতিকের। ওটায় মর্ফ করে কঙ্গনার মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
সেই কি ফিরে আসার শুরু? এই প্রশ্নে আপাতত কাজ কী! সম্পর্কটা জুড়ছে, এটাই তো আনন্দের!
