হ্যাটট্রিক ইউরোপা লিগ জিতে কোপা দেল রে শিরোপা জয়ের আভাস দেয়া সেভিয়ার কোন সম্ভবনা নেই জানিয়ে বার্সেলোনাকেই 'ফেভারিট' হিসেবে ঘোষণা করলেন জাভি হার্নান্দেজ। তিনি আশা প্রকাশ করেন, তার সাবেক ক্লাব ঘরোয়া 'ডাবল' জয় করবে।
লা লিগার শিরোপা ধরে রাখা বার্সেলোনা আগামী রবিবার ভিসেন্তে কালদেরনে সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলতে নামবে। গত বুধবার বাসেলে ফাইনালে পিছিয়ে পড়েও লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপা লিগের শিরোপা জেতে সেভিয়া।
কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজকদের ওয়েবসাইটে জাভি বলেন, 'বার্সেলোনাই ফেভারিট। ইউরোপা লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে দ্বিতীয়ার্ধে অসাধারণ খেলেছে সেভিয়া এবং তারাও ভালো দল। বড় (টুর্নামেন্টের) ফাইনালগুলোতে খেলার অভিজ্ঞতা আছে তাদের এবং তারা যা অর্জন করেছে তা অসাধারণ। কিন্তু বার্সেলোনা বিশ্বের সেরা দল এবং আশা করি, তারা ডাবল জিতবে।'
